ইউএস ওপেনে পাখির কাণ্ডে খেলা বন্ধ, তবু উড়ন্ত জয় মেদভেদেভের

ইউএস ওপেনে পাখির কাণ্ডে খেলা বন্ধ, তবু উড়ন্ত জয় মেদভেদেভের। দুই পাখির অদ্ভুত কাণ্ডে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল খেলা। তবে সেই বাধা দানিল মেদভেদেভকে থামাতে পারেনি। সহজ জয় তুলে নিয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন রাশিয়ার এই টেনিস তারকা।

মঙ্গলবার নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রের ওয়াইল্ডকার্ড খেলোয়াড় সেবাস্তিয়ান গর্জনিকে ৬-১, ৬-৩, ৭-৫ সেটে হারিয়েছেন সপ্তম বাছাই মেদভেদেভ। পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ফ্রান্সের আর্তুর রিন্ডারকনেখ।

ম্যাচের দ্বিতীয় সেটে ঘটেছে অদ্ভুত ঘটনাটি। মাঝর‍্যালিতে উড়ে এসে দুটি পাখি নেটের ওপর বসে পড়ে। পাখি দুটিকে সামনে রেখেই কয়েকটি শট খেলেন দুই প্রতিদ্বন্দ্বী। এরপর চেয়ার আম্পায়ার খেলা থামিয়ে পয়েন্টটি আবার খেলার নির্দেশ দেন।

সেখানেই আপত্তি ছিল মেদভেদেভের। তাঁর বিশ্বাস ছিল, ক্রসকোর্ট ফোরহ্যান্ডে তিনি পয়েন্টটি জিতে গেছেন। কিন্তু প্রায় ৪৫ সেকেন্ড খেলা চলার পর পয়েন্ট বাতিলের সিদ্ধান্তে হতবাক হয়ে যান সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন।

আম্পায়ারের সঙ্গে কথা বলার সময় মেদভেদেভ বলেন, ‘এটা খুব খারাপ।’ পরে ম্যাচ শেষে অবশ্য বিষয়টি নিয়ে অনেকটাই স্বাভাবিক ছিলেন তিনি।

মেদভেদেভ বলেন, ‘আমি পাখিগুলোকে শুরুতেই দেখেছিলাম। ভেবেছিলাম সঙ্গে সঙ্গেই পয়েন্ট থেমে যাবে। কিন্তু তা হয়নি। আমরা প্রায় ৪৫ সেকেন্ড খেললাম, আমি উইনার মারার পর বলা হলো খেলা বন্ধ। আমি ভাবলাম, কেন? এতক্ষণ তো খেলা চলল!’

এরপরও নিজের মনোযোগ হারাননি ৩০ বছর বয়সী এই রুশ তারকা। প্রথম সেট মাত্র ২১ মিনিটেই জিতে নেন তিনি। শেষ পর্যন্ত তিন সেটের ম্যাচে গর্জনিকে হারিয়ে স্বস্তির জয় নিয়ে কোর্ট ছাড়েন।

গত কিছু সময় মেদভেদেভের জন্য মোটেও ভালো যাচ্ছিল না। ২০২৪ সালের ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠার পর সাতটি গ্র্যান্ড স্লামে মাত্র একবার দ্বিতীয় সপ্তাহে খেলতে পেরেছেন তিনি। গত বছর ইউএস ওপেনের প্রথম রাউন্ডে বেঞ্জামিন বঁজির বিপক্ষে হারের সময় আচরণ নিয়ে প্রায় ৩১ হাজার ৫০০ পাউন্ড জরিমানাও গুনতে হয়েছিল তাঁকে।

গত মাসে উইনস্টন-সালেম ওপেনেও প্রথম রাউন্ডে হেরে হতাশ হয়ে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মেদভেদেভ। এমনকি মজা করে বলেছিলেন, হয়তো পিকলবলে ক্যারিয়ার শুরু করা উচিত।

তবে নিউইয়র্কে পাখির অপ্রত্যাশিত বাধা পেরিয়ে এবার জয়ের পথেই ফিরলেন ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন। মেদভেদেভের কথায়, ‘পরিস্থিতিটা সত্যিই পাগলাটে ছিল। কিন্তু আমি এই কোর্ট ভালোবাসি। জিতে ইউএস ওপেনে এবং নিউইয়র্কে আরও কিছুদিন থাকতে পেরে আমি খুশি।’

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ