ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযান বেশি দিন চলবে না; বললেন ট্রাম্প। হরমুজ প্রণালির কাছে ইরানের নতুন সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি; প্রয়োজনে আবারও হামলার হুঁশিয়ারি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু হওয়া সামরিক অভিযান খুব বেশি দিন চলবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জুলাইয়ের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলার পর বুধবার তিনি এ মন্তব্য করেন।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালির কাছে নতুন করে সামরিক সরঞ্জাম ও অস্ত্রব্যবস্থা তৈরির চেষ্টা করছিল। যুক্তরাষ্ট্রের হামলায় এসব সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, ইরান এমন একটি রকেট তৈরির চেষ্টা করছিল, যেটি থেকে মাইন ফেলা যায়। যুক্তরাষ্ট্র সেটিও ধ্বংস করেছে। তাঁর ভাষ্য, ইরান তাদের রাডার ও ক্ষেপণাস্ত্রব্যবস্থা পুনরায় সচল করার চেষ্টা করছিল। মার্কিন বাহিনীর হামলায় এসব ব্যবস্থাও লক্ষ্যবস্তু করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হরমুজ প্রণালির কাছে তারা যে নতুন সরঞ্জাম তৈরির চেষ্টা করেছিল, আমরা সেগুলো সব ধ্বংস করেছি। এর কিছু ছিল প্রতিরক্ষামূলক, কিছু ছিল আক্রমণাত্মক।’
গত রাতের হামলা ছিল অত্যন্ত ব্যাপক—এমন দাবি করে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র যেকোনো সময় আবারও হামলা চালাতে প্রস্তুত। তিনি বলেন, ‘গত রাতে খুব বড় ধরনের হামলা হয়েছে। আমরা চাইলে যেকোনো সময় আবারও হামলা চালাতে প্রস্তুত।’
তবে ইরানের বিরুদ্ধে এই নতুন মার্কিন অভিযান দীর্ঘস্থায়ী হবে না বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, অভিযানটি ‘খুব বেশি সময়’ চলবে না।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। ফলে সেখানে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
সূত্র: রয়টার্স









