এবার ২৫ বছরের যুবকের চরিত্রে আমির খান! ৬১ বছর বয়সে কী প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা? দীর্ঘ সময় পর ‘লগান’ ছবির পরিচালক-অভিনেতা জুটি আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তবে এবার চমক অন্য জায়গায়। নতুন ছবিতে ২৫ বছর বয়সী এক যুবকের চরিত্রে দেখা যেতে পারে ৬১ বছর বয়সী আমির খানকে।
আবারও বড় ধরনের শারীরিক পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। আশুতোষ গোয়ারিকরের নতুন ছবি ‘লালকারা’য় তাঁকে একজন ক্রীড়াবিদের চরিত্রে দেখা যাবে। দীর্ঘ সময় পর ‘লগান’ ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকার ও আমির খান আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।
তবে ছবিটির সবচেয়ে বড় চমক হলো আমিরের চরিত্র। জানা গেছে, এতে ২৫ বছর বয়সী এক যুবকের ভূমিকায় অভিনয় করবেন তিনি।
চরিত্রটির জন্য ইতোমধ্যে ওজন কমানোর প্রস্তুতি শুরু করেছেন আমির। বাস্তবে তাঁর বয়স ৬১ বছর হলেও পর্দায় নিজেকে ২৫ বছরের যুবক হিসেবে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করাই এখন তাঁর বড় চ্যালেঞ্জ।
ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘লালকারা’য় আমির খানকে একজন ক্রীড়াবিদের চরিত্রে দেখা যাবে। চরিত্রটির বয়স ২৫ বছর। এ কারণে অভিনেতা এক ধাক্কায় অনেকটা ওজন কমানোর পরিকল্পনা করেছেন।
এর আগেও বিভিন্ন চরিত্রের প্রয়োজনে নিজের শারীরিক গঠনে বড় ধরনের পরিবর্তন এনেছেন আমির। ‘দঙ্গল’ ছবিতে মহাবীর সিং ফোগাটের বয়স্ক চরিত্রে অভিনয়ের জন্য তিনি অনেকটা ওজন বাড়িয়েছিলেন। পরে ছবির তরুণ বয়সের অংশের শুটিংয়ের জন্য দ্রুত ওজন কমান।
এ ছাড়া ‘গজনী’ ছবির জন্য পেশিবহুল শরীর তৈরি করেছিলেন আমির। ‘পিকে’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল তুলনামূলকভাবে ছিপছিপে চেহারায়।
তবে ‘লালকারা’য় আমিরের প্রস্তুতি আরও কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এবার নিজের প্রকৃত বয়সের চেয়ে প্রায় ৩৬ বছর কম বয়সী একটি চরিত্রে অভিনয় করতে হবে তাঁকে।
৬১ বছর বয়সী একজন অভিনেতাকে পর্দায় ২৫ বছরের যুবক হিসেবে কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়ে অবশ্য এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে আমির যে কঠোর প্রস্তুতি নিচ্ছেন, তা ইতোমধ্যেই স্পষ্ট।









