গোসলে নেমে দুই ভাই-বোনসহ প্রাণ গেল ৩ শিশুর

ঢাকার কেরানীগঞ্জে গোসলে নেমে দুই ভাই-বোনসহ প্রাণ গেল ৩ শিশুর। উপজেলার কলাতিয়া ইউনিয়নের হুগলাগাদী গ্রামে শাপলা তুলতে গিয়ে আয়েশা (৭) ও আহসান (৪) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। একই ইউনিয়নের ভেন্ডিঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সালমান (১৩) নামে আরেক শিশু নিখোঁজ হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে হুগলাগাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর বাবার নাম আসাদুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আয়েশা ও আহসান বাড়ির পাশের একটি জলাশয়ে আরও দুই শিশুর সঙ্গে শাপলা তুলতে যায়। একপর্যায়ে আয়েশা পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে পানিতে নামে ছোট ভাই আহসান। পরে দুজনই পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা দুই শিশু বাড়িতে গিয়ে খবর দিলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন। পরে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, শনিবার বিকেলে কলাতিয়া ইউনিয়নের ভেন্ডিঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সালমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। সালমান জিনজিরা ইউনিয়নের রহমতপুর এলাকার মৃত সাঈদ হোসেনের ছেলে।

সালমানের মা শিমু আক্তার বলেন, ছোট ছেলের জামা পরিবর্তনের সময় বড় ছেলে কোথায় গেছে, তা তিনি বুঝতে পারেননি। তাঁর ধারণা, সালমান নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, শনিবার মায়ের সঙ্গে ঘুরতে এসে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তবে হুগলাগাদী গ্রামে দুই শিশুর মৃত্যুর বিষয়ে থানায় এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ