জরিমানা ছাড়াই হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত

গাড়ির কাগজপত্রে স্বস্তি:

নিজস্ব প্রতিবেদক | আদর্শ গ্রাম

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্টদের শুধু মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র কোনো জরিমানা ছাড়াই হালনাগাদ করা যাবে। একইভাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও এ সুবিধা প্রযোজ্য হবে।

বিআরটিএ গ্রাহকদের জন্য এটিকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে ২৯ অক্টোবরের মধ্যে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে, গাড়ি বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী গাড়ি বিক্রির পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্ষেত্রে ক্রেতারা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরোনো মালিককে বিভিন্ন ধরনের আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়াও সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাইয়ের মাধ্যমে একই দিনে মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারবেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন বাস্তবায়নের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট রাখা হয়েছে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে নির্দিষ্ট দোষসূচক পয়েন্ট কেটে নেওয়া হবে।

তাই নির্ধারিত সময়ের মধ্যে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ