ট্রাম্পের ‘নিষ্ঠুরতা ও দুর্নীতির’ সমালোচনায় ওবামা। ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘নিষ্ঠুরতা ও দুর্নীতির’ অভিযোগ তুলেছেন। শনিবার ওহাইও অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে তিনি ট্রাম্পের পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন।
৬৫ বছর বয়সী ওবামা বলেন, ‘বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করেছেন, যা কেউ চায়নি।’ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রসঙ্গেই তিনি এ কথা বলেন।
ওহাইওর ভোটারদের রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ওবামা বলেন, ‘গত দুই বছরে আমরা এমন বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অদক্ষতা দেখেছি, যা আধুনিক যুগে আগে দেখা যায়নি। এবার আপনারা বলতে পারেন, যথেষ্ট হয়েছে, আর নয়।’
ওহাইওতে উত্তপ্ত নির্বাচনী লড়াই
ওহাইওর গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর একটি বিজ্ঞাপন নিয়েও কথা বলেন ওবামা। বিজ্ঞাপনটিতে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
বিজ্ঞাপনে অ্যাকটনের মা ডোনা আর্থার দাবি করেন, শৈশবে গৃহহীন থাকা এবং সৎবাবার হাতে যৌন নির্যাতনের শিকার হওয়ার বিষয়ে তাঁর মেয়ের বক্তব্য সঠিক নয়। একই সঙ্গে তিনি ভোটারদের অ্যাকটনকে ভোট না দেওয়ার আহ্বান জানান।
অ্যাকটন বলেছেন, ১৯৭৮ সালের পর মায়ের সঙ্গে তাঁর আর দেখা হয়নি। শৈশবে সৎবাবার হাতে যৌন নির্যাতনের শিকার হওয়ার বিষয়ে তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন তাঁর ভাই। ২০০৪ সালে মারা যাওয়া অ্যাকটনের সৎবাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল।
অ্যাকটনের পাশে দাঁড়িয়ে ওবামা বলেন, তিনি নিজের কষ্টকর শৈশব, নির্যাতন, অবহেলা ও গৃহহীনতার অভিজ্ঞতার কথা আবেগের সঙ্গে তুলে ধরেছেন। রামাস্বামীর বিজ্ঞাপনের সমালোচনা করে ওবামা বলেন, সাম্প্রতিক ঘটনায় বোঝা গেছে, তিনি এমন কোনো সীমা নেই যা অতিক্রম করবেন না।
শনিবার ফ্লোরিডায় আগাম ভোট দেওয়ার পর ট্রাম্প রামাস্বামীর বিজ্ঞাপনের পক্ষে কথা বলেন। জনমত জরিপে ওহাইওর গভর্নর ও সিনেটর—দুই নির্বাচনেই ডেমোক্র্যাটরা সামান্য এগিয়ে আছেন। তবে দুই লড়াইয়েই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
মুসলিম প্রার্থীকে সমর্থন
শনিবার সন্ধ্যায় মিশিগানের ডেট্রয়েটে আরেকটি সমাবেশে অংশ নেন ওবামা। সেখানে তিনি ডেমোক্র্যাটদের সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদের সমালোচকদের জবাব দেন। তাঁর মতে, প্রার্থীর নাম ও মুসলিম পরিচয়কে ব্যবহার করে তাঁকে হেয় করার চেষ্টা চলছে।
ওবামা বলেন, ‘এ ধরনের ঘটনা আমরা আগেও দেখেছি। আমিও এর শিকার হয়েছি।’ নিজের জন্মস্থান নিয়ে অতীতে ওঠা প্রশ্নের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন। এল-সাইয়েদকে ‘আমূল পরিবর্তনপন্থী’ বলার সমালোচনাও করেন তিনি। ওবামার ভাষায়, ‘আবদুলের মূল্যবোধ আমার মতোই।’
হোয়াইট হাউস ছাড়ার প্রায় এক দশক পরও ডেমোক্র্যাটদের অন্যতম জনপ্রিয় প্রচারক ওবামা। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে তাঁর এই প্রচার দলটির জন্য গুরুত্বপূর্ণ। আগামী সপ্তাহে জর্জিয়ায় ডেমোক্র্যাটদের সমাবেশেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।








