নাশকতার অভিযোগে যশোরে মহিলা লীগ নেত্রী আটক হয়েছেন। নাশকতার পরিকল্পনা ও সরকারবিরোধী কর্মসূচিতে সম্পৃক্ততার অভিযোগে যশোর জেলা মহিলা লীগের শিল্পবিষয়ক সম্পাদক বিলকিস সুলতানা সাথীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। বুধবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিলকিস সুলতানা সাথী ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতার পরিকল্পনায় সাথীর সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পুলিশের কাছে রয়েছে। এ ছাড়া গত ৩১ জুলাই যশোরের রাজারহাট-রামনগর এলাকার একটি পিকনিক কর্নারের সামনে আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিলের নেপথ্যে তাঁর উসকানি ছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এসব অভিযোগের ভিত্তিতেই সাথীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তবে পুলিশের অভিযোগের বিষয়ে বিলকিস সুলতানা সাথীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।









