‘নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে’

নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে; একথা বলেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে। র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১০টায় মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি অনুষদীয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “মৎস্য খাত বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। শুধু উৎপাদন বাড়ালেই হবে না, নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে হবে।”
তিনি শিক্ষক-শিক্ষার্থীদের আইওটি ও ন্যানো প্রযুক্তিভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশের আহ্বান জানান। দেশের মৎস্য খাতের উন্নয়নে গাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদ জ্ঞান, গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. মো. আমজাদ হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। তাঁরা নিরাপদ মৎস্য উৎপাদন, মাছের পুষ্টিগুণ, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দেশের অর্থনীতিতে এ খাতের সম্ভাবনা তুলে ধরেন।
পরে বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে উপাচার্যের নেতৃত্বে রুই, কালিবাউশ, মৃগেল ও সরপুটিসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ থেকে ৩০ আগস্ট দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ আগস্ট গাকৃবির বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ