প্রথম ম্যাচেই বাজিমাত বুয়াদ্দির, ম্যানসিটি পেল এক ‘রত্ন’

প্রথম ম্যাচেই বাজিমাত বুয়াদ্দির, ম্যানসিটি পেল এক ‘রত্ন’। ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের জানান দিলেন ১৮ বছর বয়সী আয়ুব বুয়াদ্দি। চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে আর্লিং হলান্ড জোড়া গোল করে আলো কেড়ে নিলেও ম্যাচজুড়ে নজর কেড়েছেন তরুণ এই  মিডফিল্ডার। অভিষেক শুরুর ম্যাচেই পরিণত পারফরম্যান্স দিয়ে বুঝিয়ে দিয়েছেন, কেন তাঁকে দলে পেতে বিপুল অর্থ খরচ করতে দ্বিধা করেনি সিটি।

গ্রীষ্মের বিশ্বকাপে মরক্কোর হয়ে আলো ছড়ানো বুয়াদ্দিকে লিল থেকে দলে টানতে ৮ কোটি ৬০ লাখ পাউন্ড খরচ করেছে ম্যানচেস্টার সিটি। এর ফলে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি কিশোর ফুটবলার হয়েছেন তিনি। সিটিতে আসার পর বদলি হিসেবে দুটি ম্যাচ খেলার পর এবারই প্রথম একাদশে সুযোগ পান বুয়াদ্দি। আর প্রথম সুযোগেই পোর্তোর বিপক্ষে মাঝমাঠের দায়িত্ব সামলে নিজের জাত চিনিয়েছেন।

ম্যাচে ৫৫টি পাসের মধ্যে ৫৪টিই সফল করেছেন বুয়াদ্দি। শুধু পাসিংয়েই নয়, বল পায়ে প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার ক্ষেত্রেও ছিলেন দুই দলের সবার চেয়ে এগিয়ে। তাঁর ড্রিবল ছিল চারটি, বল দখল পুনরুদ্ধার করেছেন সাতবার এবং ১৩টি দ্বৈরথে অংশ নিয়েছেন। অর্থাৎ ম্যাচের পরিসংখ্যানেও স্পষ্ট ছিল তাঁর প্রভাব।

১৮ বছর ৩৪১ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির হয়ে একাদশে নামা চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন বুয়াদ্দি। বয়সের তুলনায় তাঁর পরিণত আচরণই সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সিটির কোচ এনজো মারেস্কাকে।

মারেস্কা বলেন, ‘সে খুব ভালো। বয়স মাত্র ১৮, অথচ মাঠে তার মধ্যে যে পরিণত মানসিকতা দেখা যায়, তা অসাধারণ। সে ফরাসি, ইংরেজি ও স্প্যানিশ ভাষায় সাবলীল। তার পরিণত হওয়ার ধরন অন্যদের চেয়ে আলাদা। এ কারণেই তাকে দলে পেতে ক্লাব এতটা চেষ্টা করেছে।’

বুয়াদ্দির পারফরম্যান্সে সাবেক চেলসি উইঙ্গার প্যাট নেভিনও মুগ্ধ। বিবিসি রেডিও ফাইভ লাইভে তিনি বলেন, বয়স ও খেলার ধরন—দুটিই দেখে মনে হচ্ছে বড় মঞ্চে খেলার জন্যই যেন জন্ম হয়েছে বুয়াদ্দির। তাঁর মতে, রদ্রির বিদায়ের পর সিটির যে শূন্যতা নিয়ে দুশ্চিন্তা ছিল, বুয়াদ্দির পারফরম্যান্স সেটি অনেকটাই কমিয়ে দিতে পারে।

দুই বছর আগে লিলের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সমর্থকদের কাছ থেকে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিলেন বুয়াদ্দি। এবার সিটির হয়ে ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে নিজেকে প্রমাণের যাত্রাও শুরু করলেন তিনি।

তাঁর সতীর্থ হলান্ড তো আরও এক ধাপ এগিয়ে তাঁকে ‘রত্ন’ হিসেবে অভিহিত করেছেন। নরওয়েজিয়ান তারকা বলেন, ‘আমার মনে হয়, আমরা সত্যিই একটা রত্ন পেয়েছি। গত কয়েক সপ্তাহ অনুশীলনেও সে অসাধারণ ছিল।’

তবে হাসতে হাসতে সতীর্থকে খোঁচাও দিয়েছেন হলান্ড। তাঁর দাবি, দ্বিতীয়ার্ধে বুয়াদ্দির একটি পাস তাঁকে দেওয়া উচিত ছিল। সেই পাস না পাওয়ায় তিনি কিছুটা রাগও করেছিলেন। তবু সব মিলিয়ে পোর্তোর বিপক্ষে বুয়াদ্দির পারফরম্যান্স সিটির সমর্থকদের সামনে নতুন এক প্রতিভার সম্ভাবনাই তুলে ধরেছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ