প্রবাসীদের গ্রাউন্ড হ্যান্ডলিং হয়রানি বন্ধ ও যৌক্তিক বিমানভাড়া নির্ধারণের দাবি

প্রবাসীদের গ্রাউন্ড হ্যান্ডলিং হয়রানি বন্ধ এবং যৌক্তিক বিমানভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান। শনিবার (১৫ আগস্ট) যুক্তরাজ্যের লুটনে খেলাফত মজলিস সাউথ শাখার লুটন শাখা আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মুফতি আবুল হাসান বলেন, কানাইঘাট-জকিগঞ্জের মানুষ তাঁকে নির্বাচিত করলেও তাঁর দায়িত্ব পুরো দেশের মানুষের অধিকার রক্ষার সঙ্গে যুক্ত। জাতীয় সংসদের মাধ্যমে দেশের উন্নয়ন ও নীতিগত সংস্কারে ভূমিকা রাখার পাশাপাশি সিলেটের অবহেলিত সমস্যাগুলো সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সিলেট বিমানবন্দরে পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট না থাকায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যকর ভূমিকা রাখতে হলে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থার ফ্লাইট বাড়াতে হবে। একই সঙ্গে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং যৌক্তিক বিমানভাড়া নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান তিনি।

প্রবাসীদের রেমিট্যান্সের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশে কোনো বাংলাদেশি মারা গেলে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফন-কাফনের ক্ষেত্রে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক সরকারি সহায়তার ব্যবস্থা করা প্রয়োজন। প্রবাসীদের অধিকার ও আইনি মর্যাদা রক্ষায় কাজ করার কথাও জানান তিনি।

জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ তুলে মুফতি আবুল হাসান বলেন, সুরমা-কুশিয়ারা নদীর ভাঙনে দেশের ভূখণ্ড ও সীমান্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে এবং টেকসই বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

লুটন শাখার সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ উবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন। এতে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, জাতীয় সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ