বর্ষায় লেবু দীর্ঘদিন তাজা রাখবেন কীভাবে? বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ফল ও সবজি দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে লেবুতে সহজেই ছত্রাক জন্মাতে পারে, দেখা দিতে পারে সাদা দাগ। ফ্রিজে রাখার পরও অনেক সময় লেবু শুকিয়ে যায় বা পচে যায়।
তবে সংরক্ষণের কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলে বর্ষার সময়ও লেবু দীর্ঘদিন তাজা ও রসালো রাখা সম্ভব।
পানিভর্তি কাচের পাত্রে রাখুন
একটি পরিষ্কার কাচের জারে পানি নিয়ে লেবুগুলো সম্পূর্ণ ডুবিয়ে রাখুন। এরপর জারের মুখ বন্ধ করে ফ্রিজে রাখুন। এতে লেবু শুকিয়ে যাওয়ার ঝুঁকি কমে এবং বাতাসের সরাসরি সংস্পর্শ থেকেও কিছুটা সুরক্ষা পায়।
তবে দুই থেকে তিন দিন পরপর পানি পরিবর্তন করা উচিত।
তেলের পাতলা প্রলেপ
লেবুগুলো ভালোভাবে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এরপর অল্প সরিষার তেল বা অন্য কোনো ভোজ্য তেল হাতে নিয়ে লেবুর গায়ে হালকাভাবে মেখে দিতে পারেন।
তেলের পাতলা প্রলেপ লেবুর খোসাকে অতিরিক্ত আর্দ্রতার প্রভাব থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে।
কাগজ বা টিস্যুতে মুড়িয়ে রাখুন
প্রতিটি লেবু আলাদা করে টিস্যু পেপার, পরিষ্কার কাগজ বা পাতলা শুকনো কাপড়ে মুড়িয়ে রাখুন। এরপর একটি পরিষ্কার ও শুকনো বায়ুরোধী পাত্র বা জিপলক ব্যাগে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।
লেবুতে যাতে অতিরিক্ত আর্দ্রতা না থাকে, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি। কারণ ভেজা অবস্থায় সংরক্ষণ করলে ছত্রাক জন্মানোর ঝুঁকি বেড়ে যায়।
অর্ধেক কাটা লেবু যেভাবে রাখবেন
রান্নার পর অর্ধেক লেবু অবশিষ্ট থাকলে কাটা অংশে সামান্য লবণ লাগাতে পারেন। এরপর একটি ছোট কাচের পাত্রে কাটা অংশ নিচের দিকে রেখে ফ্রিজে সংরক্ষণ করুন।
চাইলে কাটা অংশে অল্প সরিষার তেলও লাগানো যেতে পারে। এতে লেবু দ্রুত শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা কমতে পারে।









