বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে নিয়মিত দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বিমানবাহিনীর তিন সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আইএসপিআর সূত্রে জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর সদস্যদের বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বা পরে হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি (ল্যান্স করপোরাল) জুবাইদুল।
দুর্ঘটনায় আহতরা হলেন করপোরাল সিফাত (আবু সাঈদ), করপোরাল মাহবুব, এলএসি আহাদ ও সিনিয়র অফিসার আবুল খায়ের। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।









