বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় চারজন নিহত, ইরানের পাল্টা হামলা। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার পর পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ইরানের হামলায় ইরাক, জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দেশগুলোর কর্তৃপক্ষ ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাম্প্রতিক হামলার চেষ্টার পর ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছরের একটি শিশুও রয়েছে। হামলায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।
এর জবাবে ইরান ইরাক ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় বলে স্থানীয় গণমাধ্যম ও জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে। কুয়েত ও বাহরাইনেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।
ইরানের আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রকে এসব হামলার জন্য ‘অনুতপ্ত’ হতে হবে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বুধবার ভোরে সিরিকের হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানের আকাবায় মার্কিন মেরিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি বড় হামলা চালানো হয়।
জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করেছে। এর মধ্যে ১০টি ধ্বংস করা হয় এবং তিনটি জনবসতিহীন এলাকায় পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। বাহরাইনেও ইরানের হামলার পর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
মঙ্গলবার ইরানে নতুন করে হামলার ঘোষণা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান পাল্টা হামলা চালালে দেশটির ওপর আরও ‘কঠোর ও বড় মাত্রার’ হামলা চালানো হবে।
সেন্টকম জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১২টায় ইরানের আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু হয় এবং বুধবার ভোরের মধ্যে তা শেষ হয়।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে দুটি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। জুলাইয়ের শেষের পর ইরানে সেটিই ছিল যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা। এর জবাবে ইরান জর্ডানের কয়েকটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতে একটি ড্রোন হামলা চালায়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে নৌ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। গত জুনে দুই দেশ যুদ্ধবিরতি বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছিল। তবে সেই সমঝোতার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে সংঘাত শুরু হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র গত ২৪ আগস্ট ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে তেহরানকে আরও বিচ্ছিন্ন করা এবং ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আবার ওই সমঝোতায় ফিরে আসে, তাহলে ইরানও পারস্পরিকভাবে তা মেনে চলবে।









