মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫। যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সময় রোববার দুপুর ২টার কিছু আগে বোয়িং ৭৬৭-৩০০ উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। অ্যামাজন এয়ারের ওই কার্গো বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে মিয়ামির উদ্দেশে রওনা হয়েছিল। অবতরণের সময় বিমানটি রানওয়ে ছাড়িয়ে যায় এবং মাটিতে থাকা বেশ কয়েকটি যানবাহনেও আঘাত করে।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা সংবাদ সম্মেলনে বলেন, ‘অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।’ তিনি জানান, দুর্ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। মিয়ামি ফায়ার বিভাগের প্রধান রাইদ জাদাল্লাহ জানান, আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর বিমানে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ২০০-এর বেশি দমকলকর্মী কাজ করেন। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বিমানটির কাছে জ্বালানি ছড়িয়ে পড়ার ঘটনা রয়েছে। কয়েকজন আহত ব্যক্তি বিমানবন্দরের মাটিতে থাকা যানবাহনের ভেতরে কিংবা নিচে আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা তাদের সেখান থেকে বের করে আনেন।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাটি তদন্ত করবে। সংস্থাটি সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে। বিমানটি পরিচালনা করছিল নর্থ ক্যারোলাইনাভিত্তিক চার্টার প্রতিষ্ঠান ২১ এয়ার।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রানওয়ের ব্যবহারযোগ্য অংশ পেরিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটির গতি ছিল ঘণ্টায় প্রায় ১২৯ মাইল বা ২০৭ কিলোমিটার। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, বিমানটি অ্যামাজনের একটি গুদাম ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত পার্কিং এলাকার কাছে গিয়ে থামে। দুর্ঘটনার সময় মিয়ামিতে হালকা বজ্রঝড় ও দমকা বাতাস ছিল।

দুর্ঘটনার কারণে মিয়ামি বিমানবন্দরে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় যাত্রীদের দীর্ঘ অপেক্ষায় পড়তে হয়েছে। শ্রমিক দিবসের ছুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে তখন বছরের অন্যতম ব্যস্ত ভ্রমণ সময় চলছিল। পরিবহন নিরাপত্তা প্রশাসনের পূর্বাভাস অনুযায়ী, ছুটির আগের সপ্তাহে দেশটির বিমানবন্দরগুলো দিয়ে প্রায় ১ কোটি ৭০ লাখ যাত্রী যাতায়াতের কথা ছিল। শুধু রোববারই প্রায় ২৩ লাখ যাত্রীর উড়োজাহাজে ভ্রমণের পূর্বাভাস ছিল।

অ্যামাজনের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, ঘটনার কারণ জানতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ