লক্ষ্মীপুরে লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার। জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও ১২ রাউন্ড গুলিসহ লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তার মো. নিশান ওরফে ছোট নিশান (৩০) চন্দ্রগঞ্জ থানার একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ আভিযানিক দল পোদ্দার বাজার এলাকায় অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে নিশান মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও একটি ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়।

র‍্যাবের ভাষ্য, উদ্ধার করা পিস্তলটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় একটি থানা থেকে লুট হওয়া অস্ত্র। নিশান চন্দ্রগঞ্জ থানার একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এসব মামলার একটি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার নিশান ও উদ্ধার করা অস্ত্র-গুলি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাঁকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ