মুন্সীগঞ্জে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল গোয়ালীমান্দ্রা সাকিনে জনৈক সাইদুলের বাড়ির পূর্ব পাশে ইটের সোলিং রাস্তায় অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করে তাদের কাছ থেকে ৫১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লৌহজং উপজেলার কারপাশা এলাকার নুরু শেখের ছেলে লিটন শেখ (৫২), শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার মৃত রহমত উল্লাহর ছেলে মো. সাইফুল ইসলাম শাহীন (৩৫), ষোলঘর ভূইচিত্র এলাকার বজলু শেখের ছেলে মো. তুষার (২০) এবং লৌহজং উপজেলার মৌছামান্দ্রা এলাকার ইস্কান্দারের ছেলে মো. জীবন হোসেন (৩১)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ বলছে, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









