মেসি গোল করলেও হারল ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি গোল করেও ইন্টার মায়ামিকে হার থেকে বাঁচাতে পারলেন না। শনিবার মেজর লিগ সকারে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি। আগস্টে এখনো জয়ের দেখা পায়নি দলটি।
মায়ামি ও টরন্টোর ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টরন্টো।
৫৯ মিনিটে জশ সার্জেন্টের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ড্যানিয়েল সাল্লোইয়ের পাস থেকে বল পেয়ে সার্জেন্ট টরন্টোর হয়ে মৌসুমে নিজের চতুর্থ গোলটি করেন। এই গোলের আগে টরন্টো ম্যাচে তেমন বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
এর মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেরিক এতিয়েনে জুনিয়র। এবার কোনো সতীর্থের সহায়তা ছাড়াই গোল করেন তিনি। চলতি মৌসুমে এটি এতিয়েনের তৃতীয় গোল।
দুই গোলে পিছিয়ে পড়ে মায়ামি আক্রমণের গতি বাড়ায়। শেষ পর্যন্ত ৮২ মিনিটে ব্যবধান কমান মেসি। রদ্রিগো দে পল ও ম্যাক্সিমিলিয়ানো ফালকনের সহায়তায় আর্জেন্টাইন তারকা নিজের বাঁ পায়ের শটে বল জালে পাঠান।
এটি চলতি মৌসুমে মেসির ১৪তম গোল। ইন্টার মায়ামির হয়ে ৭১ ম্যাচে এটি তার ৬৪তম গোলও। তবে মেসির গোলের পর আর সমতা ফেরাতে পারেনি স্বাগতিকরা।
জয়ের ফলে টরন্টো শেষ চার ম্যাচে অপরাজিত থাকল। এই সময়ে তাদের জয় দুটি ও ড্র দুটি। ৫-৭-৯ রেকর্ড নিয়ে দলটি ইস্টার্ন কনফারেন্সে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।
অন্যদিকে আগস্টে ইন্টার মায়ামির দুর্দশা কাটছে না। মাসে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তারা কোনো জয় পায়নি। রেকর্ড দাঁড়িয়েছে দুটি হার ও দুটি ড্র। দলের সামগ্রিক রেকর্ড এখন ১১ জয়, চার হার ও ছয় ড্র।
চলতি বছরের মে মাসে টরন্টোর মাঠে ৪-২ গোলে জিতেছিল মায়ামি। তবে এবার নিজেদের মাঠেই টরন্টোর কাছে হেরে গেল তারা।
টরন্টোর গোলরক্ষক লুকা গাভরান দুটি সেভ করে দলকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অন্যদিকে মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট-ক্লেয়ারকে কোনো সেভ করতে হয়নি।
আগামী শনিবার টরন্টো নিজেদের মাঠে নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হবে। একই দিনে ইন্টার মায়ামি আতিথ্য দেবে সিএফ মন্ট্রিয়লকে।









