উসাইন বোল্টের রেকর্ড ছাড়াল চীনা রোবট, ১০০ মিটার দৌড়াল ৯.৩৯ সেকেন্ডে

প্রযুক্তি ডেস্ক:

মানুষের গতির রেকর্ডও কি এবার রোবটের দখলে? চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে এমনই চমক দেখিয়েছে দেশটির তৈরি হিউম্যানয়েড রোবট। ১০০ মিটার দৌড়ে ৯.৩৯ সেকেন্ড সময় নিয়ে রোবটটি পেছনে ফেলেছে কিংবদন্তি অ্যাথলেট উসাইন বোল্টের মানব বিশ্বরেকর্ড।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, Tiangong Ultra নামের রোবটটি ১০০ মিটারের প্রাথমিক হিটে ৯.৩৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়। বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার রোবটটি তৈরি করেছে। অন্যদিকে চীনা স্মার্টফোন নির্মাতা Honor-এর তৈরি Lightning ৯.৪৭ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়। দুটিই বোল্টের ৯.৫৮ সেকেন্ডের মানব বিশ্বরেকর্ডের চেয়ে দ্রুত।

পরীক্ষায় আরও দ্রুত Lightning

প্রতিযোগিতার আগে প্রস্তুতিমূলক এক পরীক্ষায় Lightning আরও দ্রুত দৌড়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেখানে রোবটটি ১০০ মিটার অতিক্রম করতে মাত্র ৯.৩২ সেকেন্ড সময় নেয়। পরীক্ষায় এর সর্বোচ্চ গতি ছিল প্রতি সেকেন্ডে প্রায় ১৪.৫ মিটার।

শুধু দৌড় নয়, রোবটের দীর্ঘপাল্লার সক্ষমতাতেও নজর কেড়েছে Lightning। চলতি বছরের হিউম্যানয়েড হাফ-ম্যারাথনে রোবটটি ৫০ মিনিট ২৬ সেকেন্ডে দৌড় শেষ করে জয় পায়।

এক বছরে নাটকীয় উন্নতি

চীনের হিউম্যানয়েড রোবট প্রযুক্তির অগ্রগতির বিষয়টি আরও স্পষ্ট হয় গত বছরের সঙ্গে তুলনা করলে। ২০২৫ সালের প্রথম আসরে Tiangong Ultra ১০০ মিটার দৌড় শেষ করতে ২১.৫০ সেকেন্ড সময় নিয়েছিল। এবার সেই সময় কমে হয়েছে ৯.৩৯ সেকেন্ড।

Lightning-এর নকশাতেও পরিবর্তন আনা হয়েছে। হাফ-ম্যারাথনের সময় রোবটটির উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার এবং পায়ের দৈর্ঘ্য ৯৫ সেন্টিমিটার। পরে প্রতিযোগিতার জন্য এর পায়ের দৈর্ঘ্য বাড়িয়ে ১.০৫ মিটার করা হয়।

২ হাজারের বেশি রোবটের অংশগ্রহণ

এবারের ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে ১৬টি দেশের ৬৬৬টি দল থেকে মোট ২ হাজার ৫৬টি রোবট অংশ নিচ্ছে। ৫১টি ইভেন্টে ফুটবল, নাচ ও বিভিন্ন শিল্পকারখানার কাজসহ নানা ধরনের সক্ষমতা পরীক্ষা করা হচ্ছে।

চীন হিউম্যানয়েড রোবটকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি উদীয়মান শিল্প হিসেবে দেখছে। উৎপাদন, লজিস্টিকস ও ভোক্তা পর্যায়ের বিভিন্ন কাজে ভবিষ্যতে এসব রোবট ব্যবহারের লক্ষ্য নিয়ে দেশটিতে ব্যাপক বিনিয়োগ ও গবেষণা চলছে।

তবে রোবটের দ্রুতগতির দৌড় যতটা চমক তৈরি করেছে, বাস্তব জীবনে মানুষের কাজ কতটা দক্ষতা ও কম খরচে করতে পারে—সেটিই এখন হিউম্যানয়েড রোবট শিল্পের সবচেয়ে বড় পরীক্ষা।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ