এক্সিলারেট টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে কিছুটা স্বস্তি

এক্সিলারেট টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে কিছুটা স্বস্তি। মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল তিন দিন বন্ধ থাকার পর শনিবার আবার চালু হয়েছে। দুপুর থেকে টার্মিনালটি দিয়ে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে গত কয়েক দিন ধরে চলা তীব্র গ্যাস সংকট কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র জানায়, সরবরাহ বাড়ানোর পর শনিবার বিকেল ৪টায় জাতীয় গ্যাস গ্রিডে মোট ২ হাজার ৩০৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ১ হাজার ৬২১ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ৬৮৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। গত কয়েক দিনের মধ্যে এটিই সর্বোচ্চ সরবরাহ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুর ২টার দিকে এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। টার্মিনালের কার্যক্রম পুরোপুরি স্থিতিশীল হলে পর্যায়ক্রমে সরবরাহের পরিমাণ বাড়ানো হবে।

জানা গেছে, টার্মিনালটির জন্য এলএনজি নিয়ে আসা জাহাজটি রোববার পৌঁছানোর কথা ছিল। তবে নির্ধারিত সময়ের এক দিন আগেই জাহাজটি মহেশখালীতে পৌঁছে যায়। ফলে শনিবারই টার্মিনালটি চালু করে গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হয়।

এর আগে টার্মিনালে মজুত এলএনজি শেষ হয়ে যাওয়ায় গত ১৯ আগস্ট থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট আরও তীব্র হয়ে ওঠে। বিশেষ করে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক গ্রাহকদের ওপর এর প্রভাব পড়ে।

টার্মিনালটি পুনরায় চালু হওয়ায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বাড়বে। ফলে গ্যাসের চাপ কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ