শাহবাগে ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

শাহবাগে ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের। জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দসহ কুরআন ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলকের দাবি। 

ঢাকার শাহবাগ চত্বরে জাতীয় ছাত্র কনভেনশনের মাধ্যমে ১৩ দফা শিক্ষা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। গতকাল শুক্রবার সকাল ৯টায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, কওমি মাদরাসার সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং শিক্ষাব্যবস্থার সব স্তরে কুরআন ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে কনভেনশনে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আ খ ম ইউনুস ও ঢাকা সিটি কলেজের অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, শিক্ষার উদ্দেশ্য জ্ঞান অর্জন, চিন্তাশক্তির বিকাশ এবং নৈতিক গুণাবলিসম্পন্ন দক্ষ নাগরিক তৈরি করা। তিনি শিক্ষাব্যবস্থার সব স্তরে কুরআন ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান। একই সঙ্গে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, ছাত্রীদের জন্য আলাদা শিফটে ক্লাস, দরিদ্র শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ এবং কওমি মাদরাসার সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।

তিনি সরকারি নিয়োগসহ বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি বন্ধ, শিক্ষার মানোন্নয়ন, ক্যাম্পাসের নিরাপত্তা এবং বেকারত্ব নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ রায়হান আলী বলেন, নৈতিক ও চরিত্রবান মানুষ তৈরির উপযোগী শিক্ষাব্যবস্থা প্রয়োজন। তিনি দাবি বাস্তবায়নে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন।

সংগঠনটির ১৩ দফা দাবির মধ্যে রয়েছে—ক্যাম্পাসে ধর্মীয় অনুশাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত, সেশনজট ও পরীক্ষায় অনিয়ম বন্ধ, হল দখল ও চাঁদাবাজি বন্ধ, শিক্ষা উপকরণের দাম কমানো, বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন, কারিগরি শিক্ষার প্রসার ও বেকার ভাতা চালু, প্রতিটি জেলায় সরকারি আলিয়া মাদরাসা প্রতিষ্ঠা, ছাত্র সংসদ নির্বাচন এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অনুদান বৃদ্ধি।

কনভেনশন শেষে শাহবাগ থেকে একটি র‍্যালি বের হয়ে জাতীয় প্রেস ক্লাব অতিক্রম করে বায়তুল মোকাররমের উত্তর গেটে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ