ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক উত্তেজনাসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনায় তিন পরাশক্তির শীর্ষ নেতারা।
বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ তিন শক্তি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। দেশ তিনটির শীর্ষ নেতাদের একই মঞ্চে উপস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার চীনে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, তিন দেশের নেতাদের এই বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। বিশেষ করে ইউক্রেন ও ইরানের যুদ্ধ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতি আলোচনায় গুরুত্ব পাওয়ার কথা রয়েছে।
বুধবার চীনে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুই নেতাকে পরস্পরকে আলিঙ্গন করতে দেখা যায়। তাদের এই সাক্ষাৎকে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
তিন নেতার বক্তব্যে উঠে এসেছে আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থ
চীনের শেনজেনে অ্যাপেক সম্মেলনের মূল অধিবেশনে বক্তব্য দেন তিন দেশের প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কয়েকশ বছর ধরেই যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাবশালী শক্তি হিসেবে ভূমিকা রেখে আসছে। এ অঞ্চলের প্রবৃদ্ধি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। নিজের দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন ট্রাম্প।
অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য এই সম্মেলন আন্তর্জাতিক অঙ্গনে চীনের অবস্থান ও প্রভাব তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণকে মস্কোর কূটনৈতিক অবস্থানের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কেন গুরুত্বপূর্ণ এই বৈঠক?
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া—তিনটি দেশই আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশগুলোর মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতা, সামরিক নিরাপত্তা এবং বিভিন্ন আঞ্চলিক সংঘাত নিয়ে মতপার্থক্য রয়েছে।
এমন পরিস্থিতিতে তিন নেতার বৈঠককে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি এবং পারমাণবিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে তাদের আলোচনা বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রে রয়েছে।
তবে এই বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো বড় সমাধান আসবে কি না, তা এখনই বলা কঠিন। আলোচনার ফলাফল এবং পরবর্তী সময়ে তিন দেশের বাস্তব পদক্ষেপই নির্ধারণ করবে বিশ্ব রাজনীতিতে এই বৈঠনের প্রভাব কতটা সুদূরপ্রসারী হবে।
![]()










