রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতে মেটার বিরুদ্ধে মামলা ও বিক্ষোভ

আন্তর্জাতিক প্রতিনিধি :

রাহুল গান্ধীর ছবি ও বিরোধী দলের পোস্ট সরানোর অভিযোগ; দিল্লি হাইকোর্টে কংগ্রেসের আবেদন

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট ও বিরোধী নেতাদের ছবি সরানোর অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মামলা করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। একই অভিযোগে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভও চালিয়ে যাচ্ছে দলটির যুব সংগঠন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস দিল্লি হাইকোর্টে দায়ের করা মামলায় মেটা ও ভারতের কেন্দ্রীয় সরকারকে বিবাদী করেছে। দলটির অভিযোগ, স্বয়ংক্রিয় কনটেন্ট অপসারণ ব্যবস্থা ব্যবহার করে বৈধ রাজনৈতিক বক্তব্য ও পোস্ট আটকে দেওয়া হচ্ছে। বিশেষ করে বিরোধী নেতা রাহুল গান্ধীর ছবি বা তাঁকে নিয়ে প্রকাশিত বিভিন্ন পোস্ট সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

পোস্ট সরানোর স্বয়ংক্রিয় ব্যবস্থা নিয়ে বিতর্ক

ভারত সরকার চলতি বছরের ফেব্রুয়ারিতে তথ্যপ্রযুক্তি বিধিতে পরিবর্তন এনে বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে আগে অপসারণের নির্দেশ দেওয়া কনটেন্টের সঙ্গে হুবহু মিলে যাওয়া পোস্ট শনাক্ত ও ব্লক করার বাধ্যবাধকতা দেয়।

কংগ্রেসের দাবি, এই ব্যবস্থা শুধু হুবহু কপি করা পোস্টেই সীমাবদ্ধ থাকছে না। রাহুল গান্ধীর ছবি থাকা জন্মদিনের শুভেচ্ছা, স্মরণবার্তা এবং এমনকি বিয়ের আমন্ত্রণপত্রও সরিয়ে দেওয়া হয়েছে। দলটির মতে, এই ব্যবস্থা রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করছে এবং আসন্ন নির্বাচনে বিরোধীদের প্রচার বাধাগ্রস্ত করতে পারে।

দিল্লি হাইকোর্টে করা আবেদনে কংগ্রেস স্বয়ংক্রিয়ভাবে পোস্ট সরানোর বাধ্যবাধকতা বাতিল, অপসারিত পোস্ট পুনরুদ্ধার এবং কোন মানদণ্ডে পোস্ট ব্লক করা হচ্ছে তা প্রকাশের দাবি জানিয়েছে।

মেটার বিরুদ্ধে বিক্ষোভ

কংগ্রেসের যুব সংগঠন গত কয়েক দিন ধরে ভারতের বিভিন্ন শহরে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে। দলটির অভিযোগ, মেটা ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে সুবিধা দিচ্ছে এবং বিরোধী দলের নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও পোস্ট সীমিত করছে।

অন্যদিকে, মেটা জানিয়েছে, তারা ভারতের আইন অনুযায়ী কনটেন্ট নিয়ন্ত্রণ করছে এবং কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করে না। প্রতিষ্ঠানটি বলেছে, আইনগত বাধ্যবাধকতার কারণে নির্দিষ্ট ধরনের কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সীমিত করা হচ্ছে। তবে মামলার বিষয়ে তারা তাৎক্ষণিক মন্তব্য করেনি।

ব্যাপক হারে কনটেন্ট সীমিত করছে মেটা

মেটার স্বচ্ছতা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতে স্থানীয় আইনের আওতায় ৫৪ লাখের বেশি পোস্ট সীমিত করা হয়েছে। ২০২৫ সালের পুরো সময়ে এই সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার।

কংগ্রেসের মতে, এত ব্যাপক হারে পোস্ট সীমিত করার ফলে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা ও নির্বাচনী প্রচারে সমান সুযোগের বিষয়টি প্রশ্নের মুখে পড়ছে। অন্যদিকে, ভারত সরকার বলছে, বেআইনি ও ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে এসব আইন প্রয়োজন।

মেটা ও ভারতের সরকারের সঙ্গে কংগ্রেসের এই বিরোধ এখন আদালতে গড়িয়েছে। মামলার শুনানি আগামী কয়েক দিনের মধ্যে শুরু হতে পারে বলে জানা গেছে।

Loading

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর