নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার পলাতক আসামি আব্দুর রহমান আবেদ (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকায় অভিযান চালিয়ে নরসিংদী মডেল থানার মামলা নং ১৯ (৮) ২৬-এর এজাহারনামীয় পলাতক আসামি আবেদকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারের পর আসামির ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলির ছবি পাওয়া যায় বলে জানায় পুলিশ। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ২৫ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন গাবতলী পুরানপাড়া ব্রিজের পূর্ব পাশে বিদ্যুতের খুঁটির গোড়ায় ঝোপের ভেতর থেকে তার দেখানো ও শনাক্ত করা স্থান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি ম্যাগাজিনযুক্ত বিদেশি পিস্তল, একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, পিস্তলের পাঁচ রাউন্ড গুলি এবং বন্দুকের চার রাউন্ড কার্তুজ।
গ্রেপ্তার আব্দুর রহমান আবেদ (২৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোলপুকুরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তার বর্তমান ঠিকানা নরসিংদী জেলার গাবতলী এলাকায়।
পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদী জেলা পুলিশ তাদের অভিযান অব্যাহত রেখেছে।
![]()










