প্রবল স্রোতে তলিয়ে যাওয়ার পর রাতের অন্ধকারে স্থগিত উদ্ধার অভিযান

শিবপুরে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন—গাজীপুরের কালীগঞ্জের ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়ার ফুলবাড়িয়ার শান্তা (১৬), টাঙ্গাইল সদরের বাসিন্দা শান্ত (২৪) এবং শিবপুরের লাখপুর গ্রামের মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে তারা বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তিনজন পানিতে তলিয়ে যেতে থাকেন। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মজনু মিয়ার ছেলে সৌরভও নদীতে ঝাঁপ দেন। পরে তিনিও নিখোঁজ হন।

খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত ও প্রতিকূল পরিস্থিতির কারণে ডুবুরিরা দীর্ঘ সময় চেষ্টা করেও নিখোঁজদের সন্ধান পাননি।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান জানান, নদীর প্রতিকূল পরিস্থিতি ও রাতের অন্ধকারের কারণে শুক্রবার রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকালে ভৈরব থেকে বিশেষ ডুবুরি দল এসে পুনরায় বড় পরিসরে উদ্ধার অভিযান চালানোর কথা রয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

এ ঘটনায় লাখপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদীপাড়ের পরিবেশ।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ