রাজশাহী সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরাল বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর, নদীর স্রোতে পথ ভুলে ভারতে ঢোকার দাবি। রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের হাতে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের পর তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন আলাইপুর কোম্পানির মীরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৮/৪-এস সংলগ্ন শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের খাসমহল কোম্পানি কমান্ডার তাঁর হেফাজতে থাকা পাঁচ বাংলাদেশিকে বিজিবির আলাইপুর কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা ব্যক্তিরা হলেন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে কলেজছাত্র মোশাররফ হোসেন (২৬), ইয়ানজের ছেলে সাহাবুল আলী (৪০), শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী (৪০), সামাদ মণ্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) এবং জামাল মণ্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম (৩৮)। তাদের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন নৌকার মাঝি-মাল্লা।
বিজিবির হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, গত ৭ সেপ্টেম্বর রাতে পাট কিনে নৌকাযোগে বাড়ি ফেরার সময় নদীর স্রোতে পথ হারিয়ে অনিচ্ছাকৃতভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। পরে বিএসএফ তাঁদের আটক করে।
তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ ও ৮ সেপ্টেম্বর তাঁদের জলঙ্গী বিএসএফ ক্যাম্পে রাখা হয়। ৯ সেপ্টেম্বর তাঁদের সাগরপাড়া বিএসএফ ক্যাম্পে নেওয়া হয়। সেখানে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা রাখার পর একই দিন তাঁদের ভারতের রানীনগর থানায় হস্তান্তর করা হয়। পরে রানীনগর থানা তাঁদের রানীনগর হোল্ডিং সেন্টারে রাখে।
বিজিবি জানিয়েছে, দেশে ফেরানোর পর পাঁচজনের ঠিকানা যাচাই-বাছাই করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়ার্ড কমিশনারের উপস্থিতিতে সন্ধ্যা ৭টার দিকে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তাঁরা শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
এ সময় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আলাইপুর খেয়াঘাটে উপস্থিত হন। তিনি দেশে ফেরত আসা ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে সীমান্তে বিজিবির পেশাদার ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে বাহিনীটিকে ধন্যবাদ জানান।









