চুয়াডাঙ্গা সীমান্তে ৮১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ। চুয়াডাঙ্গা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে ৬ বিজিবির অধীনস্থ একাধিক বিওপির টহল দল।
বিজিবি জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) দর্শনা, মুন্সিপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর ও ঠাকুরপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় বিভিন্ন ধরনের মাদক ও অবৈধ মালামাল জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ইস্কাপ সিরাপ, ৭ হাজার ৬৮০টি ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, বিভিন্ন ধরনের ৪ হাজার ৫৯০টি ওষুধ, ৬৩০টি ইনজেকশন, ৩৬টি সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ২০টি ভায়াক্রাম ট্যাবলেট।
এ ছাড়া চার কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ১৩টি চায়না দোয়ারী জাল, ১২ পিস কসমেটিকস ও চারটি থ্রি-পিসও জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব পণ্য ও মাদকের আনুমানিক সিজার মূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।
তিনি বলেন, সীমান্তকে অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









