মিউজ এআই চালুর পর মেটার শেয়ারের দাম আকাশচুম্বী

আন্তর্জাতিক ডেস্ক | আদর্শ গ্রাম

সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী বা এজেন্ট ‘মিউজ’ চালুর পর কোম্পানিটির শেয়ারের দামে উল্লেখযোগ্য উত্থান হয়েছে।

বৃহস্পতিবার মেটার শেয়ারের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এর আগে সোমবার একদিনেই শেয়ারের দাম ১১ শতাংশের বেশি বৃদ্ধি পায়, যা ২০২৫ সালের এপ্রিলের পর এক দিনে সর্বোচ্চ উত্থান। বর্তমানে মেটার শেয়ারের দাম প্রায় ৭৭৮ ডলার। খবর বার্তা সংস্থা এএফপির।

মিউজকে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহের অন্যতম কারণ হলো বিজ্ঞাপনের বাইরে নতুন আয়ের সুযোগ তৈরির সম্ভাবনা। মেটার এই এআই এজেন্ট ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করতে পারে। এর মধ্যে রয়েছে ভ্রমণের বুকিং দেওয়া, ই-মেইল পাঠানো এবং অনলাইনে কেনাকাটার মতো কাজ।

গত ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এবং ১৮ সেপ্টেম্বর কানাডায় মিউজ চালু করা হয়। বর্তমানে এই দুই দেশেই সেবাটি ব্যবহার করা যাচ্ছে। ১৮ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য মিউজ উন্মুক্ত। এটি বিনামূল্যে ব্যবহার করা গেলেও ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে। বেশি ব্যবহারের জন্য মাসে ২০ ও ১০০ ডলারের দুটি ঐচ্ছিক সাবস্ক্রিপশন সুবিধাও রয়েছে।

অ্যাপ বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, চালুর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তর আমেরিকায় আইফোনে মিউজ ১৮ লাখ বার ডাউনলোড হয়েছে। একই সময়ের হিসাবে ২০২৩ সালের মে মাসে অ্যাপ হিসেবে চালুর পর চ্যাটজিপিটি ১৩ লাখ ডাউনলোড পেয়েছিল।

মেটার বার্ষিক ‘কানেক্ট’ সম্মেলনে কোম্পানিটি জানিয়েছে, শিগগিরই মিউজ তাদের স্মার্ট চশমাতেও ব্যবহার করা যাবে। পাশাপাশি ওয়ালমার্টের মতো খুচরা বিক্রেতাদের সঙ্গে অংশীদারত্বের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মিউজ ব্যবহার করে কেনাকাটা হলে কমিশন আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে।

তবে মিউজ নিয়ে কিছু উদ্বেগও রয়েছে। অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান অ্যামাজন মিউজকে তাদের ওয়েবসাইট ব্যবহারে বাধা দিয়েছে। অ্যামাজনের অভিযোগ, মেটার এআই এজেন্ট ওয়েবসাইট ব্রাউজ করার সময় নিজেকে এআই এজেন্ট হিসেবে পরিচয় দেয়নি এবং গ্রাহকদের লগইন তথ্য সংরক্ষণ করেছে। মেটা অবশ্য জানিয়েছে, মিউজ ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা পেমেন্টের তথ্য দেখতে পায় না।

এদিকে বিনিয়োগ ব্যাংক জেপিমরগ্যান মেটার শেয়ারের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৯২০ ডলার করেছে। তবে কিছু বিশ্লেষক মিউজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ওপেনহাইমারের এক সাম্প্রতিক জরিপে মাত্র ৮ শতাংশ মার্কিন নাগরিক অন্য অ্যাপের পাসওয়ার্ড মেটার কাছে সংরক্ষণ করতে আস্থা রাখার কথা জানিয়েছেন।

মেটার দাবি, তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন ৩৬০ কোটির বেশি মানুষ সক্রিয় থাকেন। বিশাল এই ব্যবহারকারীভিত্তি মিউজের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ