আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, দেশজুড়ে নানা কর্মসূচি

১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান স্মরণে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে দিবসটি

নিজস্ব প্রতিবেদক | ৭ নভেম্বর ২০২৬

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থানের স্মরণে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, শোভাযাত্রা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতেও পতাকা উত্তোলনের কর্মসূচি রয়েছে। দিবসটি উপলক্ষে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে ব্যাংক ও অধিকাংশ পোশাক কারখানার কার্যক্রম।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে। পরে নয়াপল্টন থেকে কাকরাইল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় জনগণের ঐক্য অপরিহার্য।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশনের কর্মসূচি রয়েছে। শিশুদের জন্য বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে প্রচার করা হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশাত্মবোধক সংগীত, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের কর্মসূচিও রয়েছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ও আলোচিত অধ্যায়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব নতুন করে তুলে ধরা হচ্ছে।

Loading

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর