গ্রেপ্তার ১, উদ্ধার নিহত নারীর ব্যবহৃত মোবাইলসহ আলামত; আগেও হত্যা ও গণধর্ষণ-হত্যা মামলায় আসামি ছিলেন

আশুলিয়ায় ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন

আদর্শ গ্রাম প্রতিবেদক | ঢাকা

ঢাকার আশুলিয়ায় তালাবদ্ধ একটি বাসা থেকে নারী, পুরুষ ও নবজাতকের তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মনিরুজ্জামান ওরফে হৃদয় (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে নিহত নারীর ব্যবহৃত মোবাইল ফোন, সিম, অফিসের পরিচয়পত্র ও পার্স উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই জানায়, গত ২ সেপ্টেম্বর আশুলিয়ার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে ৫ সেপ্টেম্বর তালাবদ্ধ ওই বাসা থেকে অর্ধগলিত অবস্থায় তিনটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন আলমগীর (৪৫), তার স্ত্রী নাজমা বেগম (৩৫) এবং নাজমার গর্ভের নবজাতক।

এ ঘটনায় নাজমার বড় বোন শাপলা বেগম বাদী হয়ে ৬ সেপ্টেম্বর আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা ও আলামত গোপনের অভিযোগে মামলা করেন। মামলাটি পিবিআইয়ের সিডিউলভুক্ত হওয়ায় ৮ সেপ্টেম্বর পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে।

পিবিআইয়ের ছায়া তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে মনিরুজ্জামান ওরফে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) আনিসুর রহমান।

যেভাবে ঘটনার সূত্রপাত

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হৃদয় নিহত আলমগীরের পূর্বপরিচিত ছিলেন। হৃদয় তরকারির ব্যবসা করতেন। তাদের বাসার দূরত্বও ছিল কাছাকাছি।

তদন্তে উঠে এসেছে, আলমগীরের স্ত্রী নাজমার সঙ্গে হৃদয়ের পূর্বপরিচয় ও সম্পর্ক ছিল। এ বিষয়টি নিয়ে আলমগীরের সঙ্গে হৃদয়ের বিরোধ তৈরি হয় এবং আলমগীর তাকে একাধিকবার শাসিয়েছিলেন বলে তদন্তে জানা গেছে।

পিবিআই জানায়, ২ সেপ্টেম্বর নাজমা ও আলমগীর বেড়ানোর কথা বলে হৃদয়কে তাদের বাসায় নিয়ে যান। পথে তারা একটি দোকানে চা ও সিগারেট পান করেন। পরে বাসায় যাওয়ার পর পূর্বের সম্পর্কের বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি শুরু হয়।

তদন্তকারী সংস্থার দাবি, একপর্যায়ে আলমগীর হৃদয়কে মারধর করেন এবং নাজমাও তাকে ঝাঁটা দিয়ে আঘাত করেন। এ সময় হৃদয় নাজমার পেটে লাথি মারলে তিনি খাটের ওপর পড়ে যান। আঘাতের পর তার গর্ভের সন্তান বের হয়ে যায় এবং পরে মা ও নবজাতকের মৃত্যু হয় বলে পিবিআই জানিয়েছে।

এরপর আলমগীর খুন্তি ও পাইপ দিয়ে হৃদয়কে আঘাত করেন বলে তদন্তে উঠে এসেছে। একপর্যায়ে হৃদয় গামছা দিয়ে আলমগীরের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন বলে পিবিআইয়ের দাবি।

ঘটনার পর হৃদয় নাজমার ব্যবহৃত মোবাইল ফোন, সিম, অফিসের পরিচয়পত্র ও পার্স নিয়ে নিজের বাসায় রাখেন বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে।

আদালতে স্বীকারোক্তি

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে হৃদয় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সংস্থাটি জানিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ভাড়া বাসা থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পিবিআই জানায়।

আগেও হত্যা ও গণধর্ষণ-হত্যা মামলায় আসামি

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মনিরুজ্জামান ওরফে হৃদয়ের বিরুদ্ধে এর আগেও হত্যা ও গণধর্ষণসহ হত্যার মামলা রয়েছে।

২০১৪ সালে ফরিদপুরের নগরকান্দা থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি জেল খেটেছেন বলে জানা গেছে। ওই মামলাটি ছিল নগরকান্দা থানার মামলা নম্বর ২২, তারিখ ২৬ জুলাই ২০১৪; ধারা ৩০২।

এ ছাড়া ২০২২ সালে আশুলিয়ায় এক নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলাতেও হৃদয় ও আরও দুজনকে আসামি করা হয়। পিবিআই জানায়, তদন্ত শেষে আশুলিয়া থানা পুলিশ ২০২৩ সালে তিনজনের বিরুদ্ধে গণধর্ষণ ও হত্যার অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই মামলায় হৃদয় প্রায় সাত মাস কারাভোগের পর উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন বলে জানা গেছে।

পিবিআই জানিয়েছে, আশুলিয়ার বর্তমান ট্রিপল মার্ডারের ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
শিমুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না

adorshagram

আগে সমাজের সকল মানুষকে সচেতন হতে হবে। তারপরই কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে পারে। পাশাপাশি সরকারকেও নিরপেক্ষভাবে সুবিচার নিশ্চিত করতে হবে।

অনুসরন করুন

সর্বশেষ খবর