উৎক্ষেপণের ১০ মিনিটের মাথায় বিধ্বস্ত মার্কিন রকেট, ধ্বংস হলো অ্যামাজনের ৪০ স্যাটেলাইট

আন্তর্জাতিক ডেস্ক | ১৬ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ও উৎক্ষেপণ প্রতিষ্ঠান ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) ভলকান রকেট উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর ব্যর্থ হয়েছে। এতে রকেটটিতে থাকা অ্যামাজনের লিও (Amazon Leo) ইন্টারনেট সেবার ৪০টি স্যাটেলাইট কক্ষপথে পৌঁছাতে পারেনি।

রোববার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর এতে কারিগরি ত্রুটি দেখা দেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইউএলএ এক বিবৃতিতে জানায়, তাদের উৎক্ষেপণ পরিচালক ফ্লাইটের তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন যে ভলকান রকেটটি উড্ডয়নের ১০ মিনিটের মাথায় অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়ে এবং অ্যামাজনের স্যাটেলাইটগুলো নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে ব্যর্থ হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ঘটনার পরপরই বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নিতে তারা সংশ্লিষ্ট গ্রাহক ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে।

বোয়িং ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে ২০০৬ সালে গঠিত হয় ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স। প্রতিষ্ঠানটির ইতিহাসে এটিই প্রথম উৎক্ষেপণ ব্যর্থতার ঘটনা। ২০২৪ সালে যাত্রা শুরুর পর ভলকান রকেটের এটি ছিল পঞ্চম অভিযান এবং গত নয় মাসের মধ্যে প্রথম উৎক্ষেপণ।

এর আগে রকেটটির সলিড রকেট বুস্টার এবং বিই-৪ (BE-4) ইঞ্জিন নিয়ে পৃথক কারিগরি তদন্তের কারণে উৎক্ষেপণ কার্যক্রম বন্ধ ছিল। বিই-৪ ইঞ্জিন সরবরাহ করে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিন। তবে এবারের দুর্ঘটনায় ইঞ্জিনের কোনো ভূমিকা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এই ব্যর্থতা অ্যামাজনের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। স্পেসএক্সের স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে অ্যামাজন লিও প্রকল্পের আওতায় পৃথিবীর নিম্ন কক্ষপথে ৩ হাজার ২৩৬টি স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে এ পর্যন্ত ১৪টি উৎক্ষেপণের মাধ্যমে অ্যামাজনের ৩৯৮টি স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়েছে, যা তাদের পরিকল্পিত মোট স্যাটেলাইটের প্রায় ১২ শতাংশ। চলতি বছরেই প্রাথমিক ইন্টারনেট সেবা চালুর লক্ষ্য ছিল প্রতিষ্ঠানটির।

রকেটটির ব্যর্থতার কারণ অনুসন্ধানে দীর্ঘ সময় লাগতে পারে। এতে ভলকান রকেটের পরবর্তী উৎক্ষেপণ কয়েক মাস পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে অ্যামাজনের স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনাতেও নতুন করে বিলম্ব তৈরি হতে পারে।

সূত্র: রয়টার্স

Loading

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর