বাংলাদেশ পুলিশের জনবল ও সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতির পর রাজস্ব খাতে অস্থায়ীভাবে পদগুলো সৃজন করা হয়েছে। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, নতুন পদগুলোর বেতন-ভাতাসহ যাবতীয় ব্যয় পুলিশের জন্য বরাদ্দ বাজেট থেকে নির্বাহ করা হবে।
নতুন অনুমোদিত ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডের অন্তর্ভুক্ত; এসব পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। অন্যদিকে ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা হয়েছে ১৭তম গ্রেডে, যার বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা।
চলমান নিয়োগ কার্যক্রমে আগে থেকে শূন্য থাকা ২ হাজার কনস্টেবল পদের সঙ্গে নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ যুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা হতে পারে। নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কিংবা আবেদন ও পরীক্ষার সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পুলিশের কার্যক্রম আরও জোরদার করতেই নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: বাংলা টেলিগ্রাফ, রাজনীতি ডটকম, নাগরিক নিউজ
ছবি: ওয়াসিউল বাহার, Wikimedia Commons, CC BY-SA 4.0










