প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ আজ, জাতীয় ঐক্যের জন্য দুটি শর্ত

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দল হিসেবে আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। দলটির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও প্রতিনিধিদলে থাকছেন বলে জানা গেছে।

সংলাপে জাতীয় ঐক্যের প্রশ্নে এনসিপি প্রধানমন্ত্রীর সামনে দুটি শর্ত তুলে ধরবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। প্রথমত, অতীতে যেসব অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে, তার জন্য ক্ষমা চাইতে হবে এবং ঐক্যের সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। দ্বিতীয়ত, বর্তমান একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে।

এছাড়া গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তি নবায়নের মতো বিষয়গুলোতেও সরকারের প্রতিশ্রুতি চাইবে এনসিপি। সাত দিনের যুক্তরাজ্য সফর শেষে রোববার বিকেলে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করেন নাহিদ ইসলাম।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর গত ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোট বৈঠক করে প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানায়। বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন; তাঁর ২৬ নভেম্বর দেশে ফেরার কথা।

সূত্র: আজকের পত্রিকা, দৈনিক আজাদ, প্রথম আলো

ছবি: ওয়াসিউল বাহার, Wikimedia Commons, CC BY-SA 4.0 (প্রতীকী ছবি)

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর