মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার রায় গাজা মামলায় ইসরায়েলের বিরুদ্ধে প্রভাব ফেলতে পারে

আন্তর্জাতিক সংবাদ

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে দক্ষিণ আফ্রিকার মামলার জন্য গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা।

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে দেশটির রাষ্ট্রীয় দায় নির্ধারণ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, সামরিক লক্ষ্য অর্জনের যুক্তি থাকলেও গণহত্যার উদ্দেশ্য থাকতে পারে—আদালতের এই পর্যবেক্ষণ ভবিষ্যৎ বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (২০ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দেশটির সামরিক বাহিনীর অভিযান ১৯৪৮ সালের গণহত্যা সনদের একাধিক বিধান লঙ্ঘন করেছে। ১৫ বিচারকের মধ্যে ৯ জনের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

রায়ে বলা হয়, ওই অভিযানে প্রায় ১০ হাজার মানুষ নিহত হন। ধ্বংস করা হয় অসংখ্য বাড়িঘর, সংঘটিত হয় ব্যাপক যৌন সহিংসতা এবং সাত লাখের বেশি রোহিঙ্গাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়। এসব কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় পর্যায়ের গণহত্যা হিসেবে বিবেচনা করেছে আদালত।

একই সঙ্গে গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

গাজা মামলায় কেন গুরুত্বপূর্ণ এই রায়?

দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আইসিজেতে মামলা করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া রায় আন্তর্জাতিক আইনে গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে। দক্ষিণ আফ্রিকা গাজা মামলায় এই রায়ের আইনি তাৎপর্য পর্যালোচনা করবে।

ইসরায়েলি আইন বিশেষজ্ঞ ইউভাল শানি মনে করেন, নতুন রায় দক্ষিণ আফ্রিকার যুক্তি উপস্থাপনের সুযোগ বাড়াতে পারে। তাঁর মতে, গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে আদালত আগের কঠোর মানদণ্ড বহাল রেখেছে। তবে কোনো ঘটনার ব্যাপকতা, পরিকল্পিত ও ধারাবাহিক প্রকৃতি এবং অতীতের নিপীড়নের ইতিহাসও এখন প্রাসঙ্গিকভাবে বিবেচনার সুযোগ তৈরি হয়েছে।

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফৌজদারি আইনের অধ্যাপক মারিকে ডি হুন বলেন, কোনো সামরিক লক্ষ্য থাকলেই গণহত্যার উদ্দেশ্যের সম্ভাবনা বাতিল হয়ে যায় না—মিয়ানমার মামলার রায়ে আদালত বিষয়টি স্পষ্ট করেছে।

ইসরায়েলের বক্তব্য ও মামলার ভবিষ্যৎ

দক্ষিণ আফ্রিকার অভিযোগ, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নারী ও শিশুদের ওপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলেছে এবং ফিলিস্তিনি জনগোষ্ঠীর জীবনধারণের পরিবেশ ধ্বংসের পরিস্থিতি তৈরি করেছে। অন্যদিকে ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের সামরিক অভিযান আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে।

আইন বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, মিয়ানমার ও গাজার পরিস্থিতি আইনগতভাবে আলাদা। ফলে মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া রায় গাজা মামলার চূড়ান্ত ফল নির্ধারণ করে না। প্রতিটি মামলার প্রমাণ ও পরিস্থিতি আলাদাভাবে মূল্যায়ন করতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার মূল শুনানি ২০২৯ সালের আগে হওয়ার কথা নয়।

বিশেষজ্ঞদের মতে, মিয়ানমারের বিরুদ্ধে এই রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তবে গণহত্যার অভিযোগ আদালতে প্রমাণের জন্য এখনো অত্যন্ত কঠোর আইনি মানদণ্ড পূরণ করতে হবে।

Loading

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর