মুগ্ধতা ছড়ালেন হামজা-ফারহান-সামিত; শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ।
দুরন্ত গতি, অসাধারণ ফুটবলশৈলী আর দৃষ্টিনন্দন সব আক্রমণে দর্শকদের মুগ্ধ করলেন হামজা চৌধুরী, সামিত সোম, ফারহান আলি ও রাকিব হোসেন। গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে চারজনই গোল করেছেন। তাঁদের নৈপুণ্যে বাংলাদেশ জিতেছে ৪-০ গোলে। চারটি ভিন্ন গোলের আনন্দ নিয়ে বাড়ি ফিরেছেন গ্যালারিতে থাকা ১৮ হাজারের বেশি দর্শক। টেলিভিশন ও অনলাইন পর্দায় খেলা দেখা কোটি কোটি ফুটবলপ্রেমীর মনেও নিশ্চয়ই ছিল একই তৃপ্তি—এমন ফুটবলই তো দেখতে চায় বাংলাদেশ! আট প্রবাসী ফুটবলারকে নিয়ে গতকাল নিজেদের সেরা খেলাটাই উপহার দিয়েছে দল।
ম্যাচের শুরু থেকেই শ্রীলঙ্কার রক্ষণভাগে চাপ তৈরি করে বাংলাদেশ। হামজা, সামিত ও রাকিবদের আক্রমণে বারবার দিশেহারা হয়েছে প্রতিপক্ষ। ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেয়েও কাজে লাগাতে পারেননি হামজা। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশের সমর্থকদের। অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন সামিত সোম।
ডি-বক্সের ডান দিক দিয়ে আক্রমণে উঠে হামজার ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ফিস্ট করে ফিরিয়ে দেন। ফিরতি বল পেয়ে শট নেন সামিত। গোলরক্ষক প্রথম দফায় সেটিও ঠেকান। তবে বলের নিয়ন্ত্রণ ফিরে পেয়ে দ্বিতীয়বার জোরালো শট নেন সামিত। এবার আর ঠেকাতে পারেননি সুজন। বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি।
এরপর ডি-বক্সের বাইরে থেকে হামজার নেওয়া জোরালো শট গোলপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। বাংলাদেশের একের পর এক আক্রমণে দর্শকদের উন্মাদনা বাড়লেও লঙ্কান ফরোয়ার্ডরা বারবার ব্যর্থ হয়েছেন বাংলাদেশের রক্ষণভাগের সামনে। তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান ও সাদ মিলে গড়ে তুলেছিলেন দুর্ভেদ্য এক প্রতিরোধ।
২৫ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন হামজা। রাকিবের হেড থেকে বল পেয়ে কৌশলে নিয়ন্ত্রণে নেন তিনি। লঙ্কান গোলরক্ষক এগিয়ে এলেও বল কেড়ে নিতে পারেননি। এরপর ব্যাকহিল শট নেন হামজা। তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তাঁর শট। গ্যালারিতে তখন হতাশার সুর। হামজার মুখে অবশ্য হাসি—গোলটি হলে নিঃসন্দেহে দৃষ্টিনন্দন হতো।
তবে সেই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের ৪৫ মিনিটে দুর্দান্ত গোল করে গ্যালারি মাতান অধিনায়ক হামজা। ইব্রাহিমের লম্বা পাস ধরে দ্রুতগতিতে এগিয়ে যান তিনি। শ্রীলঙ্কার ডি-বক্সে ঢুকে প্রথমে এক ডিফেন্ডারকে কাটিয়ে যান। এরপর সামনে আসা আরেক ডিফেন্ডারকেও বোকা বানিয়ে জোরালো শট নেন। বল লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরার পায়ে লেগে জালে জড়ায়। বাংলাদেশের জার্সিতে এটি হামজার পঞ্চম গোল।
২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধে প্রতিপক্ষের গোলমুখে ১০টি শট নেয় স্বাগতিকেরা। বিপরীতে শ্রীলঙ্কার শট ছিল মাত্র দুটি। ২০২৩ সালের পর এই প্রথম কোনো ম্যাচের প্রথমার্ধে দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকল বাংলাদেশ। সেবার বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে ছিল দল।
বিরতির পর ফারহান আলি ওয়াহিদের নৈপুণ্যে আরও একবার মুগ্ধ হন দর্শকেরা। ডি-বক্সের বাঁ দিক দিয়ে বল নিয়ে এগিয়ে যান তিনি। তাঁকে থামাতে একে একে ছয়জন লঙ্কান ডিফেন্ডার এগিয়ে আসেন। প্রথম তিনজনকে কাটিয়ে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ছোট বক্সে ঢুকে পড়েন ফারহান। এরপর বাকি তিন ডিফেন্ডার ও গোলরক্ষককেও বোকা বানিয়ে বল পাঠান জালে। তাঁর এই দৃষ্টিনন্দন গোল দেখে বিমোহিত হন দর্শকেরা। অনেকেরই মন্তব্য, বাংলাদেশের কোনো ফুটবলারের এমন গোল বিরল। বাংলাদেশের জার্সিতে টানা দুই ম্যাচে গোল করলেন ফারহান। এর আগে ইন্দোনেশিয়ার বিপক্ষেও গোল করেছিলেন তিনি।
৮৮ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করেন রাকিব। এর আগে তিন বা তার বেশি গোলের ব্যবধানে বাংলাদেশ সর্বশেষ জয় পেয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে। সেবারও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা; বাংলাদেশ জিতেছিল ৩-০ গোলে।
টানা দুই জয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে হামজাদের প্রতিপক্ষ পাকিস্তান।
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে গতকালের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত। ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন সুহাইল বাট। পাকিস্তানের বিপক্ষেও দুটি গোল করেছিলেন তিনি। টুর্নামেন্টে তিন গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন সুহাইল। সমান তিন গোল রয়েছে পাকিস্তানের নাজিব উল্লাহরও। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান।










