১৬ ডিসেম্বর বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা করেছেন। মঙ্গলবার তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। দেশে ফেরার নির্দিষ্ট তারিখ এই প্রথম জানালেন হাসিনা।

মুখপাত্র জানান, কাগজপত্র ফেরত চাওয়ার পাশাপাশি হাসিনা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে দিল্লি থেকে ঢাকায় তার ফেরার ব্যবস্থা করতে। বিবৃতিতে তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমানযাত্রার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।” তিনি আরও বলেন, সংবিধান লঙ্ঘন করে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল — এমন দাবি করে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।

এর আগে চলতি মাসের শুরুতে রয়টার্স জানিয়েছিল, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রের জন্য আবেদন করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

অন্যদিকে বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী গত রোববার রয়টার্সকে বলেন, দেশে ফিরলে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তিনি আরও জানান, হাসিনাকে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। রয়টার্সের মন্তব্যের অনুরোধে বাংলাদেশ সরকারের মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর