ঢাকা প্রতিনিধি:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সৌজন্য সাক্ষাৎ। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘ মহাসচিব ও আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়গুলো রাষ্ট্রপতিকে অবহিত করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জন্য রাষ্ট্রপতি তাঁকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি ওই বক্তব্যকে দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেন।
এ সময় জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








